বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার পিস্তলের বাঁটের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত
সূত্রঃ সংগৃহীত
ডেস্ক রিপোর্ট
রাজধানীর বাংলামোটরে বহিষ্কৃত এক যুবদল নেতার বিরুদ্ধে পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে এক ওষুধ ব্যবসায়ীকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মো. সোহান (৩৫) নামে ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।
আহত সোহানের অভিযোগ, ওই সময় বহিষ্কৃত যুবদল নেতা ফেরদৌস আহমেদ সায়মন কয়েকজন সহযোগীকে নিয়ে তাঁর পথরোধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ফেরদৌস পিস্তলের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে রক্ত বের হয়।
সোহান আরও দাবি করেন, হামলার পর ফেরদৌস দুটি ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে তিনি সহযোগীদের নিয়ে একটি ভবনের ভেতরে ঢুকে পড়েন। পরে স্থানীয়রা ভবনটির সামনে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটির সামনে অবস্থান নেয়। পরে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান কর্মকর্তাদের নিয়ে সেখানে যান। রাত ১২টার দিকে ফেরদৌস আহমেদ ও তাঁর দুই সহযোগীকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয় বলে জানান তিনি।
ডিসি মো. ইবনে মিজান বলেন, আহত ওষুধ ব্যবসায়ী সোহান মামলা করলে ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হবে।
এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে কয়েকজন স্থানীয় বাসিন্দা ফেরদৌসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ করেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।
যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজ বলেন, ফেরদৌস আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় মানুষকে আতঙ্কের মধ্যে রাখতেন। সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে তাঁকে আগেই হাতিরঝিল থানা যুবদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগ ও ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/বিএম২৪








