শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম
শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সূত্রঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট


চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বৃহস্পতিবার (১ অক্টোবর) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।


শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, পারস্পরিক সম্মান, আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতে গত পাঁচ দশকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও বিকশিত হয়েছে। সময়ের সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পরিধি ও গভীরতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এর ফলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।


প্রধানমন্ত্রী বলেন, নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ সম্বলিত বাংলাদেশ-চীন কমিউনিটি গড়ে তোলার দুই দেশের যৌথ অঙ্গীকার সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অভিন্ন লক্ষ্য দুই দেশের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করবে এবং পারস্পরিক কল্যাণে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


শুভেচ্ছা বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চীনের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন তিনি।


এমকে/বিএম২৪