গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে এআই ক্যামেরার মামলা
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের বেঙ্গালুরুতে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করতে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার ভুল শনাক্তকরণে জরিমানার নোটিশ পেয়েছেন এক স্কুটার মালিক। পিঠে ঝোলানো গিটার কেসকে হেলমেটবিহীন পিলিয়ন যাত্রী ভেবে ৫০০ রুপির চালান পাঠিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ। খবর দ্য হিন্দুর।
প্রতিবেদনে বলা হয়, বেঙ্গালুরুর হেব্বাল থেকে টিন ফ্যাক্টরির দিকে স্কুটারে যাচ্ছিলেন সৌভিক দত্ত। তিনি একাই স্কুটার চালাচ্ছিলেন। এ সময় তার পিঠে একটি গিটার বাঁধা ছিল।
ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তে স্থাপিত এআই ক্যামেরা গিটার কেসটিকে হেলমেটবিহীন পিলিয়ন যাত্রী হিসেবে শনাক্ত করে। পরে ক্যামেরায় ধারণ করা ছবিসহ ৫০০ রুপির একটি চালান পাঠানো হয় স্কুটারটির মালিক সৌভিকের স্ত্রীর নামে।
ঘটনার পর সৌভিক বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের (বিটিপি) অফিসিয়াল হ্যান্ডেলে বিষয়টি জানিয়ে অভিযোগ করেন। তিনি জানান, স্কুটারে তিনি একাই ছিলেন এবং পিঠে গিটার নিয়ে যাচ্ছিলেন। এরপরও ‘হেলমেট ছাড়া পিলিয়ন যাত্রী বহন’-এর অভিযোগে তার স্ত্রীর নামে চালান দেওয়া হয়েছে।
এআই-ভিত্তিক ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তকরণের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলে তিনি চালানটি বাতিলের অনুরোধ জানান।
জবাবে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের কর্মকর্তারা ভুলটি সংশোধনের জন্য তাকে ট্রাফিক অটোমেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে ট্রাফিক আইন প্রয়োগে এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ভুল শনাক্তকরণ হলে তা যাচাই ও সংশোধনের প্রয়োজনীয়তাও সামনে এসেছে।
এমকে/বিএম২৪








