নিয়োগে স্বচ্ছতা বজায় রেখে মেধার ভিত্তিতে নিয়োগ দিন: চাকসু জিএস

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম
নিয়োগে স্বচ্ছতা বজায় রেখে মেধার ভিত্তিতে নিয়োগ দিন: চাকসু জিএস

সূত্রঃ সংগৃহীত

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি


৪৯তম বিসিএসের গেজেট থেকে চাকরিপ্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সাইদ বিন হাবিব।


বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


সাইদ বিন হাবিব বলেন, ‘দুই হাজার শহীদের রক্ত ও ৩০ হাজার আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশে আপনারা ফ্যাসিস্ট হবেন না। ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করবেন না। বিসিএস থেকে শুরু করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রতিটি নিয়োগে স্বচ্ছতা বজায় রেখে মেধার ভিত্তিতে নিয়োগ দিন।’


তিনি আরও বলেন, ‘তারা একদলীয় শাসন কায়েমের চেষ্টা চালাচ্ছে। গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন পরিচয় ও কোটার মাধ্যমে যেভাবে দলীয় লোকজনকে পদায়ন করা হয়েছে, বিএনপি ক্ষমতায় আসার পরও একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।’


চাকসু জিএসের অভিযোগ, ‘যোগ্যতার পরিবর্তে শুধু বিএনপির নেতা বা সমর্থক হওয়ার কারণে অযোগ্য ব্যক্তিদের সচিব পদমর্যাদার পদে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি-সেক্রেটারি ও এনটিআরসিএর নিয়োগ কমিটিতে বসানো হয়েছে।’


সাইদ বিন হাবিব আরও বলেন, ‘নিজেদের পছন্দের লোকদের নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করতে ভাইভায় নম্বর বাড়ানো হয়েছে। এমনকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও মতাদর্শের ভিত্তিতে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।’


বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদেরও ভেরিফিকেশনের নামে গেজেট ও চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া চাকরিপ্রার্থীদের বিষয়ে পুনর্বিবেচনা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।


এমকে/বিএম২৪