থানার গেটে মোটরসাইকেল পার্কিং নিয়ে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে থানার গেটে মোটরসাইকেল পার্কিং নিয়ে কথা-কাটাকাটির জেরে এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানার গেটে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে থানার গেটে মোটরসাইকেল রাখা নিয়ে কর্তব্যরত কনস্টেবল মো. শফিকের সঙ্গে ইসমাইল হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাগ্বিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়। এতে কনস্টেবল শফিক আহত হন বলে জানিয়েছে পুলিশ।
পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর কিছু সময় থানার চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ জানায়, ঘটনার পর উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দাবি, সামান্য কথা-কাটাকাটিকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সদস্যসচিবসহ একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, থানার গেটে মোটরসাইকেল রাখা নিয়ে কনস্টেবল শফিকের সঙ্গে ইসমাইল হোসেনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ ঘটনায় ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
এমকে/বিএম২৪








