ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট


রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীতে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া গুরুতর আহত অজ্ঞাত এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। ছিনতাইকারীদের হামলার সময় ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।


উদ্ধারকারী পথচারী ফয়েজ জানান, কুর্মিটোলা এলাকায় চলন্ত ট্রেনে ছিনতাইকারীরা ওই যুবকের ওপর হামলা চালায়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।


এমকে/বিএম২৪