সুনামগঞ্জ জেলা পরিষদের ১৭৭ প্রকল্পে বরাদ্দ ৬ কোটি টাকার বেশি

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
সুনামগঞ্জ জেলা পরিষদের ১৭৭ প্রকল্পে বরাদ্দ ৬ কোটি টাকার বেশি

সংগৃহীত

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জ জেলা পরিষদের আওতায় ১৭৭টি উন্নয়ন প্রকল্পে ছয় কোটি পাঁচ লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০০টি প্রকল্পে তিন কোটিরও বেশি টাকার চেক বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, দরপত্র প্রক্রিয়ার আওতায় ২৩টি প্যাকেজে ৭৭টি প্রকল্প বাস্তবায়নের জন্য তিন কোটি পাঁচ লাখ টাকার লটারি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল।


অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, গির্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার প্রতিনিধিদের হাতে উন্নয়ন প্রকল্পের চেক তুলে দেওয়া হয়।


সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। জেলা পরিষদের পক্ষ থেকে ১০০টি প্রকল্পে তিন কোটিরও বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব অর্থের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও গির্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হবে।


তিনি বলেন, জেলা পরিষদের দরপত্র প্রক্রিয়ার আওতায় ২৩টি প্যাকেজে ৭৭টি প্রকল্পের জন্য তিন কোটি পাঁচ লাখ টাকার লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত ঠিকাদাররা এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করবেন।


কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো প্রকল্পের কাজের মান খারাপ হলে কিংবা দরপত্রের শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন না হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। উন্নয়নকাজে অনিয়ম ও নিম্নমানের কাজের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।


জেলা পরিষদ প্রশাসক আরও বলেন, দরপত্রের মাধ্যমে নির্বাচিত প্রকল্পগুলোর আওতায় রাস্তা, সেতু ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে। জেলার বিভিন্ন এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় এসব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।


তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা পরিষদেও উন্নয়ন বরাদ্দ এসেছে। সেই বরাদ্দের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আগামী দিনেও সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফরের প্রসঙ্গ তুলে ধরে জেলা পরিষদ প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সুনামগঞ্জবাসী আনন্দিত ও আশাবাদী। সফরকালে তিনি দেশীয় খেলাধুলা বা কান্ট্রি গেমস এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।


তিনি আরও বলেন, সুনামগঞ্জের দীর্ঘদিনের সমস্যা ও মানুষের প্রাণের দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। স্থানীয় সংসদ সদস্যরা জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার বিষয়গুলো উপস্থাপন করবেন। জেলা পরিষদের পক্ষ থেকেও প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প ও সমস্যাগুলো তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে সুনামগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এমকে/বিএম২৪