সুনামগঞ্জের তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন গ্রেপ্তার
সংগৃহীত
মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসলাম উদ্দিন ওই গ্রামের মৃত ইস্কান্দার ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কামড়াবন্দ গ্রামে ইসলাম উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ইসলাম উদ্দিনসহ ৫ থেকে ৭ জনের একটি চক্র গত ৪ থেকে ৫ মাস ধরে ভারতীয় নাছির উদ্দিন বিড়ির ব্যবসার আড়ালে তাহিরপুর উপজেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের দাবি, চক্রটি মদ, গাঁজা ও ইয়াবা পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছে। গ্রেপ্তার ইসলাম উদ্দিন ওই চক্রের অন্যতম সদস্য বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, গ্রেপ্তার ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আরও জোরালো পদক্ষেপ নেওয়া এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এমকে/বিএম২৪








