টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।


এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান সুইডেন আসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন, ঘটনার ইন্ধনদাতাদের চিহ্নিত করা, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং জড়িত অন্য আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।


সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আসলামকে আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে বিকেল পৌনে ৫টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে এজলাসে তোলা হয়।


শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মামলার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় গুলি করে টিটনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।


এজাহার সূত্রে জানা যায়, টিটনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাপুরা এলাকায়। দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। এরপর ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকার একটি বাসায় বসবাস শুরু করেন।


এজাহারে বাদী উল্লেখ করেন, টিটন আগে পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন। নতুন করে ব্যবসা শুরুর চেষ্টা করছিলেন তিনি। এ সময় একটি গরুর হাটের ইজারা নেওয়ার কথাও বড় ভাইকে জানান।


এজাহারে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের পেছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল বা কাইল্লা বাদল, শাজাহান ও রনি ওরফে ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয় বলে অভিযোগ করা হয়েছে।


এজাহার অনুযায়ী, ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাকে ডেকেছে এবং সমঝোতার মাধ্যমে বিরোধ মীমাংসা করতে চায়। পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় পাকা সড়কে তার ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী এবং তাদের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


গুলিতে টিটনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এজাহারে আরও বলা হয়, ঘটনার খবর পেয়ে বাদী যশোর থেকে ঢাকায় এসে ২৯ এপ্রিল ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করতে কিছুটা বিলম্ব হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।


গোয়েন্দা সূত্রে জানা গেছে, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে তিনি ঢাকার অপরাধজগতের অন্যতম আলোচিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।


সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। তার পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় হলেও বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।


এমকে/বিএম২৪