আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক
সংগৃহীত
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা। রোববার সকাল ১১টার দিকে পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের কাছ থেকে তাকে আটক করা হয়।
আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার সামনের লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান প্রকল্পটির দরপত্র আহ্বান করেন। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স। পরে কাজটি হাতবদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা।
২০২৪ সালের ২৫ অক্টোবর আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম কাজটির উদ্বোধন করেন।
ঠিকাদার শেখ নোমান রেজার অভিযোগ, কাজ শুরুর পর থেকেই পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান তার কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করে আসছিলেন। দাবিমতো টাকা না দেওয়ায় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল এবং কাজটি সঠিকভাবে বাস্তবায়নে বাধা দেওয়া হচ্ছিল। এ অভিযোগে গত ১৯ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীতে লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগের পর দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাসের নেতৃত্বে একদল কর্মকর্তা রোববার সকাল ১১টার দিকে আমতলী পৌরসভার সামনে অভিযান চালান। এ সময় ঘুষের ১ লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করা হয়। পরে দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।
ঠিকাদার শেখ নোমান রেজা বলেন, কাজ শুরুর পর থেকেই উপসহকারী প্রকৌশলী রুবেল খান ঘুষের টাকার জন্য তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদকে অভিযোগ করেন তিনি। রোববারের অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, অভিযোগের পর রোববার আমতলীতে অভিযান চালানো হয়। এ সময় পৌরসভার সামনে থেকে ঘুষের ১ লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, দুদক পটুয়াখালীর কর্মকর্তারা রুবেল খানকে আটক করে থানায় সোপর্দ করেছেন। সোমবার সকালে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
এমকে/বিএম২৪








