সদরপুরে বিদ্যালয়ের পাশে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে ফসলি জমি ও পাকা সড়ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম
সদরপুরে বিদ্যালয়ের পাশে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে ফসলি জমি ও পাকা সড়ক

সংগৃহীত

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি


ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের রামনগর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এতে আশপাশের ফসলি জমি, বসতভিটা ও সরকারি পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মুন্নাফ ও কাজল নামের দুই বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কাজীডাঙ্গি, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। তাদের বিরুদ্ধে একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হলেও বালু উত্তোলন বন্ধ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এর ফলে আশপাশের ফসলি জমিসহ বিভিন্ন স্থানে ভাঙন ও ধসের সৃষ্টি হচ্ছে।


স্থানীয়দের অভিযোগ, ড্রেজারের পাইপ সরকারি পাকা সড়কের নিচ দিয়ে নেওয়ায় রাস্তার বিভিন্ন স্থানে ধস দেখা দিচ্ছে। এ ছাড়া ড্রেজারের বিকট শব্দে বিদ্যালয়ের ছোট শিশুদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। অন্যদিকে, পানি ও বালু সড়কে পড়ে থাকায় পথচারী ও যানবাহন চালকদের প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হচ্ছে।


এলাকাবাসীর দাবি, শুধু মামলা করে এ অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হচ্ছে না। তাই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ এবং ড্রেজারের পাইপসহ সংশ্লিষ্ট সরঞ্জাম অপসারণের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিতে হবে।


এ বিষয়ে স্থানীয়রা সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর (এসিল্যান্ড) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং এলাকার ফসলি জমি ও সরকারি সড়ক রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


এমকে/বিএম২৪