সাদা গাড়িতে এসেছিলেন আ.লীগের শীর্ষ ৪ নেতা, সীমান্তে ছিলেন ২ ঘণ্টা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
সাদা গাড়িতে এসেছিলেন আ.লীগের শীর্ষ ৪ নেতা, সীমান্তে ছিলেন ২ ঘণ্টা

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ চার নেতা। রোববার (২২ নভেম্বর) দুপুরে একটি সাদা গাড়িতে করে তারা সেখানে পৌঁছান। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর কলকাতার উদ্দেশে রওনা হন তারা।


ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের দাবি, এ সময় ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। তবে বৈঠকের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।


এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করছে আওয়ামী লীগের নেতারা। এ ক্ষেত্রে শুধু একটি সীমান্তপথের ওপর নির্ভর না করে বিকল্প পথও খতিয়ে দেখা হচ্ছে।


প্রতিবেদন অনুযায়ী, পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাদের। আগামী মঙ্গলবার নেতাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাতায়াতের পথ ও সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে।


এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের একাংশের মধ্যে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


তবে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


এমকে/বিএম২৪