সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি এবং সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। গত কয়েক দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিরাপত্তাহীনতায় পড়েছেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, পতিত স্বৈরাচারী শক্তি আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর অবস্থান ও উদ্বেগের কথা জানিয়েছেন। ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
নাহিদ বলেন, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত থেকে আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, যেকোনো ধরনের জাতীয় ঐক্যে জুলাই, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে এনসিপি।
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি সংস্কার প্রক্রিয়া, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে। এ কারণে কমিটি বাতিলের সুপারিশ করা হয়েছে। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বানও জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াই এখনো শেষ হয়নি। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই করতে সংস্কার জরুরি। তা না হলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে না এবং দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না।
ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে নাহিদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায়ে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের আপস না করার পরামর্শ দিয়েছে এনসিপি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ভারতের ভূমিকা নিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে এবং আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দিচ্ছে। তাঁর মতে, বিষয়টি এখন শুধু আওয়ামী লীগ, বিএনপি বা এনসিপির রাজনৈতিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ভূরাজনৈতিক বাস্তবতায় রূপ নিয়েছে।
তিনি বলেন, ‘এখন লড়াইটা আওয়ামী লীগের সঙ্গে নয়, ভারতীয় আধিপত্যবাদের সঙ্গে।’ বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টিও বৈঠকে তুলে ধরেছেন বলে জানান নাহিদ। তাঁদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সীমান্তের ওপারে বাংলাদেশবিরোধী সমাবেশের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, সেখানে হিন্দুত্ববাদী একটি সংগঠনের সমাবেশে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে মিথ্যা তথ্য প্রচারের চেষ্টা করা হয়েছে। তাঁর অভিযোগ, পলাতক আওয়ামী লীগের কয়েকজন নেতাও ওই সমাবেশে যুক্ত হয়েছেন। এ ধরনের প্রচারণাকে বাংলাদেশের বিরুদ্ধে বৈশ্বিক অপতথ্য ছড়ানোর অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি।
নাহিদ আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এবং তাঁদের সম্পত্তি দখলের ঘটনাও ঘটেছে। বর্তমান পরিস্থিতির জন্য সরকারের অতীতের কিছু ভুলত্রুটিকেও দায়ী করেন তিনি।
প্রধানমন্ত্রী তাঁদের দাবির বিষয়ে কী প্রতিক্রিয়া জানিয়েছেন—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বিষয়গুলো বিবেচনা করতে এবং আলোচনা অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছেন।
বৈঠক নিয়ে সন্তুষ্ট কি না এবং আওয়ামী লীগ প্রশ্নে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোকে একই প্ল্যাটফর্মে দেখা যাবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এনসিপির নির্দিষ্ট এজেন্ডা হচ্ছে গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা। এসব প্রশ্নে দলটি লড়াই চালিয়ে যাবে। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ভিত্তিতেই এনসিপির জন্ম হয়েছে এবং এ লড়াই অব্যাহত থাকবে।
বৈঠকে সন্তুষ্টির বিষয়ে নাহিদ বলেন, আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে, তা বোঝা যাবে সরকার পরবর্তী সময়ে কী ধরনের পদক্ষেপ নেয়, তার ওপর।
এমকে/বিএম২৪








