নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক
সংগৃহীত
জেলা প্রতিনিধি
নেত্রকোণার মদনে পৌর এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে তিনি একটি চোখ হারিয়েছিলেন।
এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। তিনি পৌর এলাকার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভায় চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ের জন্য ইজারা নেন মুফতি রায়হান আহমেদ। সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে মদনে আসার পথে একটি যাত্রীবাহী সিএনজি থেকে ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ি এলাকায় টোল আদায়কারী ও চালকের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
এ সময় সিএনজিতে থাকা জুলাই যোদ্ধা আব্দুল বারেক তাদের বিরোধ থামাতে এগিয়ে যান। তখন টোল আদায়কারীর ঘুষিতে তিনি আহত হন। পরে দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম বলেন, এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/বিএম২৪








