সিংগাইরে রান্নাঘরের পেছনে মিলল ৩৮ কেজি গাঁজা, আটক ৪ নারী
সংগৃহীত
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে বসতবাড়ির রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক নারীরা হলেন—ওই গ্রামের রোজিনা বেগম (৩৫), তাসলিমা বেগম (৩২), তানহা আক্তার (১৯) ও হাজেরা বেগম (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক চার নারী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। রোববার রাতে তাঁদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয় বাসিন্দারা চ্যালেঞ্জ করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এলাকাবাসী তাঁদের আটক করে উদ্ধার করা মাদকসহ পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা রমজান আলী অভিযোগ করে বলেন, ওই পরিবারের গৃহকর্তা আক্কাস ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। এর আগেও ওই পরিবারের কয়েকজন সদস্য মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তাঁরা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
তিনি আরও বলেন, রোববার রাতে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় বসতবাড়ির রান্নাঘরের পেছন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তবে মাদক কারবারের মূল হোতা হিসেবে অভিযুক্ত ঝর্ণা আক্তার পালিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমকে/বিএম২৪








