সারাক্ষণ ওয়াই-ফাই চালু রাখলে মাসে কত টাকা বিদ্যুৎ বিল

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম
সারাক্ষণ ওয়াই-ফাই চালু রাখলে মাসে কত টাকা বিদ্যুৎ বিল

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বাড়িতে ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই রাউটার সাধারণত ২৪ ঘণ্টাই চালু থাকে। রাতে ঘুমানোর সময় কিংবা বাসায় কেউ না থাকলেও অনেকেই রাউটার বন্ধ করেন না। এতে মাসে কতটা বিদ্যুৎ খরচ হয়, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।


আকারে ছোট হলেও ওয়াই-ফাই রাউটার বিদ্যুৎ ব্যবহার করে। তবে সাধারণ বাসাবাড়িতে ব্যবহৃত একটি রাউটার ২৪ ঘণ্টা চালু থাকলেও এর বিদ্যুৎ খরচ খুব বেশি নয়।


ধরা যাক, একটি রাউটারের পাওয়ার রেটিং ৯ ভোল্ট ও ০.৬ অ্যাম্পিয়ার। ভোল্টেজ ও কারেন্ট গুণ করলে এর বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দাঁড়ায় ৫.৪ ওয়াট। কিলোওয়াটে হিসাব করলে তা হয় ০.০০৫৪ কিলোওয়াট। অর্থাৎ, রাউটারটি এক ঘণ্টায় আনুমানিক ০.০০৫৪ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে।


প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ২০ পয়সা ধরে হিসাব করলে এক ঘণ্টায় খরচ হয় প্রায় ৪ পয়সা। ২৪ ঘণ্টায় এই খরচ দাঁড়ায় প্রায় ৯৩ পয়সা। সে হিসাবে ৩০ দিন একটানা রাউটার চালু থাকলে মাসে বিদ্যুৎ খরচ হতে পারে প্রায় ২৮ টাকা।


অর্থাৎ, এই উদাহরণ অনুযায়ী ২৪ ঘণ্টা ওয়াই-ফাই রাউটার চালু রাখলে মাসে বিদ্যুৎ বিলের পেছনে খরচ হতে পারে ৩০ টাকার কাছাকাছি।


তবে এটি একটি উদাহরণভিত্তিক হিসাব। সব রাউটারের বিদ্যুৎ ব্যবহারের মাত্রা এক নয়। রাউটারের মডেল, অ্যাডাপ্টারের ক্ষমতা ও ব্যবহারের ধরন অনুযায়ী প্রকৃত খরচ কমবেশি হতে পারে। একই সঙ্গে বাসার মোট বিদ্যুৎ ব্যবহারের ওপর ভিত্তি করে প্রতি ইউনিটের কার্যকর দামও ভিন্ন হতে পারে।


তাই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাতে কয়েক ঘণ্টা রাউটার বন্ধ রাখলে কিছুটা সাশ্রয় সম্ভব। তবে সাধারণ রাউটারের ক্ষেত্রে সারাক্ষণ চালু রাখার মাসিক বিদ্যুৎ খরচ সাধারণত বড় অঙ্কের নয়।


এমকে/বিএম২৪