কুমারখালীতে পুলিশের উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
সূত্রঃ সংগৃহীত
ফাহমিদা হৃদী, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ‘বাংলা টিভি’র কুমারখালী-খোকসা প্রতিনিধি এম এ উল্লাস। স্থানীয় এক সংসদ সদস্যের স্বজন ও অনুসারীদের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারখালী পৌরসভার কুণ্ডুপাড়ায় একটি রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি যাচাই ও তথ্য সংগ্রহের জন্য সেখানে যান সাংবাদিক এম এ উল্লাস।
অভিযোগ রয়েছে, এ সময় কুষ্টিয়া-৪ আসনের জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই ও ভাতিজারা সাংবাদিক উল্লাসের ওপর চড়াও হন। পুলিশের উপস্থিতিতেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি আহত হন।
হামলার খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে তাঁদের সঙ্গেও হামলাকারীরা দুর্ব্যবহার ও সংবাদ সংগ্রহে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে উপস্থিত সাংবাদিকদের মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়।
ঘটনার পর স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমকে/বিএম২৪









