ব্রিটিশ টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী স্টেফানি কোলের মৃত্যু

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
ব্রিটিশ টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী স্টেফানি কোলের মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক


ব্রিটিশ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী স্টেফানি কোল আর নেই। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ৮৪ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এজেন্ট জন গ্রান্ট। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক বছর ধরে আলঝেইমার রোগে ভুগছিলেন এই অভিনেত্রী।


‘করোনেশন স্ট্রিট’, ‘ওয়েটিং ফর গড’ ও ‘ওপেন অল আওয়ার্স’-এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান স্টেফানি কোল। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ‘করোনেশন স্ট্রিট’-এ সিলভিয়া গুডউইন চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটি ছিল রয় ক্রপারের মায়ের। এই অভিনয়ের জন্য ব্রিটিশ সোপ অ্যাওয়ার্ডে সেরা কমেডি পারফরম্যান্সের পুরস্কারও পান তিনি।

১৯৯০-এর দশকের জনপ্রিয় কমেডি সিরিজ ‘ওয়েটিং ফর গড’-এ ডায়ানা ট্রেন্ট চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কোল। এ কাজের জন্য ব্রিটিশ কমেডি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। ‘ওপেন অল আওয়ার্স’-এ মিসেস ফেদারস্টোন চরিত্রেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে ‘স্টিল ওপেন অল আওয়ার্স’-এ একই চরিত্রে আবারও অভিনয় করেন।

টেলিভিশনের পাশাপাশি থিয়েটারেও দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ার ছিল স্টেফানি কোলের। ‘টেনকো’, ‘এ বিট অব আ ডু’, ‘ডক মার্টিন’, ‘দ্য ক্লিনার’, ‘জেন্টলম্যান জ্যাক’ ও ‘টকিং হেডস: সোলজারিং অন’-এর মতো বিভিন্ন প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। মঞ্চে ‘কিং লিয়ার’, ‘আ প্যাশনেট ওম্যান’ ও ‘নোয়িজেস অফ’-এর মতো নাটকেও কাজ করেছেন।


অভিনয়ের পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতেও কাজ করেছেন স্টেফানি কোল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে ব্রিটিশ টেলিভিশন ও থিয়েটার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


এমকে/বিএম২৪