ছুরি ঠেকিয়ে রিকশাযাত্রীকে ছিনতাই, পকেট কাটার ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম
ছুরি ঠেকিয়ে রিকশাযাত্রীকে ছিনতাই, পকেট কাটার ভিডিও ভাইরাল

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি


চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেন এলাকায় রিকশা থামিয়ে এক যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর প্যান্টের পকেট কাটার চেষ্টা করেছেন দুই ছিনতাইকারী। এ সময় একজন ছুরি হাতে যাত্রীর দিকে তাক করে রাখেন, অন্যজন ছুরি দিয়ে তার পকেট কাটতে থাকেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, দুই ছিনতাইকারী একটি রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও বিভিন্ন মালামাল কেড়ে নিচ্ছেন। পরে তারা যাত্রীর প্যান্টের ডান পকেটে থাকা কিছু একটা বের করার চেষ্টা করেন। এ সময় ওই যাত্রীকে বারবার বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো।’


যাত্রী নড়াচড়া করায় একপর্যায়ে এক ছিনতাইকারী তার বাম পায়ে ছুরি দিয়ে আঘাত করেন। এরপর তিনি ছুরি দিয়ে যাত্রীর প্যান্টের ডান পকেট কাটতে শুরু করেন। অন্য ছিনতাইকারী তখন ছুরি তাক করে যাত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন।


ঘটনার সময় রিকশাচালক দাঁড়িয়ে থেকে পুরো বিষয়টি দেখছিলেন। দুই ছিনতাইকারী যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা, মুঠোফোনসহ বিভিন্ন মালামাল নেওয়ার সময় আশপাশের কয়েকজন বাসিন্দাও বিষয়টি দেখতে পান। পরে তারা ভবনের ওপর থেকে ‘এই, এই, মার-মার’ বলে চিৎকার শুরু করেন।


বাসিন্দাদের চিৎকার শুনে ছিনতাইকারীরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। তবে এ বিষয়ে কোনো ভুক্তভোগী থানায় আসেননি। বিষয়টি জানার পর আমরা এলাকায় টহল জোরদার করেছি।’



এমকে/বিএম২৪