রংপুরে ১১ দলের লংমার্চ: প্রস্তুত মঞ্চ, নগরজুড়ে ২০০ মাইক
সূত্রঃ সংগৃহীত
আনোয়ারুল ইসলাম রনি,রংপুর ব্যুরো:
গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশকে ঘিরে রংপুরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। মাঠ ও আশপাশের বিভিন্ন সড়কে টাঙানো হয়েছে ২০০ মাইক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই সমাবেশস্থল ও নগরীর বিভিন্ন সড়কে নেতা-কর্মীদের আনাগোনা বাড়তে থাকে। এতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সরব পরিবেশ সৃষ্টি হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাপনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করছেন তারা।
পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে সমাবেশে যোগ দিতে আসা মাইদুল ইসলাম বলেন, দেরি করে এলে সামনে জায়গা পাওয়া নাও যেতে পারে। তাই শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে বোদা থেকে রংপুরে এসে এক আত্মীয়ের বাসায় ছিলেন। শনিবার দুপুর ১২টার দিকে তিনি সমাবেশস্থলে আসেন।
সমাবেশের সাউন্ড সিস্টেমের দায়িত্বে থাকা ডেকোরেটর কর্মী অমূল্য চন্দ্র রায় বলেন, সমাবেশ ঘিরে ২০০টি মাইক টাঙানো হয়েছে। এর মধ্যে মাঠে ৮০টি এবং মাঠের বাইরে বিভিন্ন সড়কে ১২০টি মাইক স্থাপন করা হয়েছে। মঞ্চ তৈরি ও মাইক টাঙানোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলেও জানান তিনি।
সমাপনী সমাবেশ বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য ও জাতীয় নাগরিক পার্টির রংপুর মহানগরের সদস্যসচিব আব্দুল মালেক বলেন, আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়েছে। লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে রংপুর জিলা স্কুল মাঠে।
তিনি জানান, সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। বিকেল ৫টায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। রংপুর বিভাগের আট জেলা থেকে অন্তত পাঁচ লাখ নেতা-কর্মী ও সাধারণ মানুষের সমাগম হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে ছয় দফা দাবি সামনে রেখেছিল ১১ দলীয় ঐক্য। রংপুরের কর্মসূচিতে এর সঙ্গে দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত করা হয়েছে।
লংমার্চটি শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।
এমকে/বিএম২৪








