আজ সালমান শাহর ৫৫তম জন্মদিন

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
আজ সালমান শাহর ৫৫তম জন্মদিন

সূত্রঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক


নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে পরিচিত এই অভিনেতার ৫৫তম জন্মদিন আজ। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন তিনি।


১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর বড় ছেলে তিনি। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর দ্রুতই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন।


তবে অভিনয়জীবনের শুরু হয়েছিল টেলিভিশন নাটক দিয়ে। ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘দেয়াল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেন।


চলচ্চিত্রে সালমান শাহর সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের জুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তার অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ১৪টিতে শাবনূর নায়িকা ছিলেন।


‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের নায়ক’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘জীবন সংসার’, ‘প্রেম প্রিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘মায়ের অধিকার’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’সহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।


১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। তার মৃত্যু আজও বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে গভীরভাবে স্মরণ করা হয়।


এমকে/বিএম২৪