রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান

সূত্রঃ সংগৃহীত

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো


রাজশাহী মহানগরীকে সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ৩০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা) এ কর্মসূচির আয়োজন করে। এতে আরএমপি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও সাংবাদিকরা সহযোগিতা করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু।


বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।


আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণের পরিবেশগত গুরুত্বের পাশাপাশি অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। তাই গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।


জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, সবুজ রাজশাহী গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বরেন্দ্র অঞ্চলে ব্যাপক বনায়নের ফলে পরিবেশ ও আবহাওয়ার ইতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরেন। মহানগরীকে পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষা ও তাপমাত্রা সহনীয় রাখতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেন তিনি।


আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহীকে আরও সুন্দর, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।


প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীকে ‘গ্রীন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি’ হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জন্য অক্সিজেন সরবরাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ অপরিহার্য। তাই বৃক্ষরোপণকে পবিত্র দায়িত্ব হিসেবে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।


অনুষ্ঠানের শেষে রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


এমকে/বিএম২৪