সম্মতি ছাড়াই কৃষকদলের কমিটিতে নাম, প্রতিবাদ জানালেন তাওহিদুল ইসলাম আরজু

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ এএম
সম্মতি ছাড়াই কৃষকদলের কমিটিতে নাম, প্রতিবাদ জানালেন তাওহিদুল ইসলাম আরজু

সংগৃহীত

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি


কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা জাতীয়তাবাদী কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে নিজের অজান্তে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তাওহিদুল ইসলাম আরজু।


সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল টেকনাফ উপজেলা শাখার অনুমোদিত হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার আহ্বায়ক কমিটির তালিকায় ২৩ নম্বর সদস্য হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। তবে এ কমিটির বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না বলে দাবি করেছেন।


মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক প্রতিবাদ বার্তায় তাওহিদুল ইসলাম আরজু জানান, তাঁর সম্মতি কিংবা অবগতির বাইরে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করায় তিনি বিব্রত ও অসম্মানিত বোধ করছেন। বিষয়টিকে অন্যায় এবং তাঁর আত্মসম্মানের পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি।


ফেসবুক পোস্টে তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একই সঙ্গে ওই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পালন করেছেন। সম্প্রতি প্রকাশিত হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের কমিটিতে তিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন বলে উল্লেখ করেন।


আরজুর ভাষ্য, রাজনৈতিক জীবনে তাঁর ভুলত্রুটি কিংবা যোগ্যতার সীমাবদ্ধতা থাকতে পারে। তবে সাংগঠনিক দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও যোগ্যতা বিবেচনায় নেওয়া উচিত ছিল। তাঁর মতে, একটি কমিটি কেবল কয়েকটি নামের সমষ্টি নয়; বরং এটি সাংগঠনিক যোগ্যতা, ত্যাগ, নিষ্ঠা ও মূল্যায়নের প্রতিফলন।


তিনি আরও বলেন, পদ-পদবির প্রতি তাঁর কোনো মোহ নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি বিশ্বাস ও ভালোবাসা থেকে তিনি অতীতেও দলের সঙ্গে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তবে প্রাপ্য সম্মান ও যথাযথ মূল্যায়ন প্রত্যেক রাজনৈতিক কর্মীর অধিকার। নীরব থাকা মানে অন্যায় মেনে নেওয়া নয় বলেও মন্তব্য করেন তিনি।


নিজের নাম অনিচ্ছাকৃতভাবে কমিটিতে অন্তর্ভুক্ত করার ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাওহিদুল ইসলাম আরজু।


তবে প্রতিবাদ জানালেও নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মানুষের আস্থা ও বিশ্বাসের ঠিকানায় পরিণত করার আহ্বান জানিয়েছেন।


উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল টেকনাফ উপজেলা শাখার ১৬ নভেম্বর ২০২৬ তারিখের অনুমোদিত বিজ্ঞপ্তিতে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে তিন মাসের মধ্যে ওয়ার্ড কমিটি সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।


এমকে/বিএম২৪