মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ এএম
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা

সংগৃহীত

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি


মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকের নিচে এবং সিএনজিচালিত অটোরিকশার পেছনের অংশে তৈরি করা হয়েছিল বিশেষ গোপন চেম্বার। এসব চেম্বারে ইয়াবা লুকিয়ে পাচারের সময় দুই চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে পৃথক তল্লাশি চালিয়ে ৩২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ২০ হাজার টাকা।


উখিয়া ৬৪ বিজিবি সূত্রে জানা যায়, বিকেল ৩টা ১০ মিনিটে হোয়াইক্যং থেকে রামুগামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলচালক আবদুর রহমানকে (২৩) আটক করা হয়।


এর প্রায় পৌনে তিন ঘণ্টা পর বিকেল ৫টা ৫০ মিনিটে একই চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশাচালক নুরু রহিমকে (২৫) আটক করা হয়।


বিজিবি জানিয়েছে, ইয়াবা পরিবহনে ব্যবহৃত দুটি যানবাহন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ইয়াবাগুলো হোয়াইক্যং থেকে সংগ্রহ করে রামুতে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।


উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


এমকে/বিএম২৪