টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সংগৃহীত
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনার জেরে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে থানাটি ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে।
পরে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।
এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা এবং পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এমকে/বিএম২৪









