জামালগঞ্জে বাঁধ কেটে মাছ শিকার, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
সংগৃহীত
মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামে কৃষকদের আপত্তি উপেক্ষা করে পিআইসি বাঁধ কেটে ছন্নারচর হাওরের পানি নিষ্কাশন করে মাছ আহরণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা মো. নুরুল মিয়ার বিরুদ্ধে। প্রায় তিন মাস ধরে বাঁধ কেটে পানি নিষ্কাশনের মাধ্যমে মাছ আহরণ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় কৃষকদের। এতে আসন্ন বোরো মৌসুমে বীজতলা তৈরি ও জমিতে ধানের চারা রোপণের জন্য প্রয়োজনীয় পানির সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরেজমিনে দুর্লভপুর গ্রামে গিয়ে দেখা যায়, সুরমা নদীর মুখসংলগ্ন এলাকায় ছন্নারচর হাওরের পানি নিষ্কাশনের জন্য পিআইসি বাঁধ কেটে রাখা হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রায় তিন মাস ধরে এভাবে পানি নিষ্কাশন করে মাছ আহরণ করা হচ্ছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, চার দিন আগে গ্রামের কৃষকদের বাধার মুখে পানি নিষ্কাশন বন্ধ করে বাঁধ ভরাট করতে বাধ্য হন সংশ্লিষ্ট ব্যক্তি। কৃষকদের দাবি ছিল, বোরো ধানের বীজতলা তৈরি ও বীজ বপনের জন্য অন্তত আরও ১৫ থেকে ২০ দিন হাওরের পানি সংরক্ষণ করতে হবে। কিন্তু তাঁদের অভিযোগ, সেই দাবি উপেক্ষা করে আবারও বাঁধ কেটে পানি নিষ্কাশন করে মাছ আহরণ করা হচ্ছে।
এ বিষয়ে দুর্লভপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আনোয়ার মিয়া নুরুল মিয়ার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, বাঁধ কেটে পানি নিষ্কাশনের ফলে কৃষকদের ক্ষতি হবে না, বরং বীজতলার জন্য উপকার হবে। দ্রুত পানি নেমে গেলে বীজতলায় বীজ বপন করা সহজ হবে। বোরো জমিতে পানি প্রয়োজন হলে ছন্নারচর হাওরের ওপরের অংশের অন্যান্য হাওর থেকে পানি নিষ্কাশনের মাধ্যমে সেই চাহিদা পূরণ করা সম্ভব হবে। তিনি আরও জানান, পিআইসি বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ভরাট এবং খালে পলি জমে যাওয়া অংশ খননের কাজ নুরুল মিয়া নিজ খরচে করে দেবেন।
তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্থানীয় কৃষকেরা।
দুর্লভপুর গ্রামের কৃষক আইনুল হক বলেন, প্রায় তিন মাস ধরে বাঁধ কেটে মাছ আহরণ করা হলেও কিছুদিন আগে কৃষকদের বাধার মুখে পানি নিষ্কাশন বন্ধ করা হয়েছিল। তাঁদের দাবি ছিল, আগে বোরো ধানের বীজ বপন করতে দেওয়া হোক। এরপর ১৫ থেকে ২০ দিন পর পানি ছেড়ে দিলে তাঁদের কোনো আপত্তি ছিল না। কিন্তু কৃষকদের কথা না রেখেই আবারও পিআইসি বাঁধ কেটে পানি নিষ্কাশন করে মাছ আহরণ করা হচ্ছে। এতে হাজারো কৃষক বোরো জমিতে ধানের চারা রোপণের সময় পানির সংকটে পড়বেন।
একই গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন, এখনই বীজতলায় প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। এভাবে বাঁধের পানি নিষ্কাশন করা হলে বোরো মৌসুমে জমি রোপণের সময় পানির সংকট আরও বাড়বে। তাঁরা ১৫ থেকে ২০ দিন পানি না ছাড়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁদের সঙ্গে কোনো আলোচনা না করেই পানি নিষ্কাশন করা হচ্ছে। এতে তাঁরা অসহায় হয়ে পড়েছেন।
কৃষক মো. রফিক মিয়া বলেন, ছন্নারচর হাওরের অনেক বীজতলা পানির অভাবে শুকিয়ে ফেটে যাচ্ছে। এখন কৃষকেরা বীজ বপন শুরু করেছেন। এ সময় বাঁধ কেটে পানি নিষ্কাশন করা হলে বোরো ধান রোপণের সময় জমিতে প্রয়োজনীয় পানি পাওয়া যাবে না। পানি কমে গেলে অন্য হাওর কিংবা সুরমা নদী থেকেও পানি সংগ্রহ করা কঠিন হবে। অনেক বাধা দিয়েও কোনো সমাধান না পাওয়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অভিযোগের বিষয়ে মো. নুরুল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি মাদ্রাসা থেকে ১ লাখ ৯০ হাজার টাকা এনেছেন। ভাসা মাছ আহরণ করে বিক্রি করবেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো অনুমোদন নেওয়া হয়নি বলেও জানান তিনি। তবে কোনো কৃষক তাঁকে বাঁধ কেটে মাছ আহরণ করতে নিষেধ করেননি বলে দাবি করেন। ছন্নারচর হাওরের বিলমালিকেরা তাঁকে মাছ আহরণের অনুমতি দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এতে তাঁদেরও বিল শুকিয়ে মাছ ধরার সুযোগ হবে। দ্রুত পানি নেমে গেলে বীজতলা ও জমি ভেসে উঠবে, যা কৃষকদের উপকারে আসবে।
বাঁধ কেটে মাছ আহরণ শেষে তা মেরামত করবেন কি না, জানতে চাইলে নুরুল মিয়া বলেন, মাছ আহরণের পর বাঁধ মেরামত করা তাঁর দায়িত্ব নয়। দীর্ঘদিন পানি নিষ্কাশনের ফলে কৃষকদের ক্ষতি হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে কৃষকদের কিছুটা ক্ষতি হতে পারে।
এ বিষয়ে বক্তব্য জানতে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। পরবর্তী সময়েও তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমকে/বিএম২৪









