মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা

সংগৃহীত

 জেলা প্রতিনিধি


গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করেন তাঁরা। পরে থানায় হামলা চালিয়ে থানা চত্বরে থাকা একাধিক গাড়িতে আগুন দেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তাঁরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন এবং পরে থানায় হামলা ও অগ্নিসংযোগ করেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানা গেছে।


ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থানা চত্বরে অন্তত তিনটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ভাঙচুরের শব্দ শোনা যায় এবং হামলাকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাঁদের হাতে লাঠিসোঁটাও দেখা গেছে।


অন্য একটি ভিডিওতে এইচ এম রুবেল ফরাজী নামের এক ব্যক্তিকে ফেসবুক লাইভে বলতে শোনা যায়, তাঁরা কিছু সময়ের মধ্যে থানা জ্বালিয়ে দেবেন। পুলিশ তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে বলেও তিনি দাবি করেন।


এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ আবু সুফিয়ান মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জানান, টুঙ্গিপাড়া থানা দুর্বৃত্তরা ঘেরাও করেছে বলে তাঁরা খবর পেয়েছেন। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।


পরে রাত ৯টা ১০ মিনিটের দিকে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুম মুনিরা জানান, টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেখানে যানবাহনে আগুন দেওয়ার খবরও তাঁরা পেয়েছেন।


টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ জানান, টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকায় কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছেন তাঁরা। তবে নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছেন না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ও নিরাপত্তা নিশ্চিত করা হলে তাঁরা সেখানে যেতে পারবেন।


উল্লেখ্য, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মহড়া দেন। ওই দিন ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।


এ ছাড়া ওই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট ও উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।


সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে সভা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।


এমকে/বিএম২৪