গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন
সংগৃহীত
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে জানা গেছে। এ সময় থানার লকার ভেঙে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া, পুলিশের অস্ত্র লুট এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা-পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এর জেরে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গেলে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বাগ্বিতণ্ডার একপর্যায়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হন। পরে তাঁরা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এ সময় থানা চত্বরে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনে আগুন দেওয়া হয়। পরে হামলাকারীরা থানার লকার ভেঙে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেন এবং পুলিশের অস্ত্র লুট করেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্যসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী আহত হন। আহত ব্যক্তিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এদিকে, খবর পেয়ে গোপালগঞ্জ জেলা সদর থেকে পুলিশের রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হলে পথিমধ্যে নিলফা বাজার এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সেখানে আনসার ব্যাটালিয়নের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
এমকে/বিএম২৪








