গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুর জেলা সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জোড়পুকুরপাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত বাড়িটিতে প্রবেশ করে ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দেয়। পরে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে তারা চলে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি মোজাম্মেল হকের পুরোনো টিনশেডের বাসভবন। এর পাশেই তাঁর মালিকানাধীন আটতলা একটি ভবন রয়েছে। তবে ওই ভবনটিতে আগুনের কোনো প্রভাব পড়েনি।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কারা এবং কী কারণে বাড়িটিতে আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এমকে/বিএম২৪









