রাজধানীর ৩ এলাকায় ৩ বাসে আগুন, পল্লবীতে আটক ১

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ এএম
রাজধানীর ৩ এলাকায় ৩ বাসে আগুন, পল্লবীতে আটক ১

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর পল্লবী, মহাখালীর তিতুমীর কলেজের সামনে ও বাড্ডা লিংক রোডে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে পৃথক এসব ঘটনা ঘটে। এর মধ্যে পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।


পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে পল্লবী সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়।


পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, দুপুর থেকে বাসটি সেখানে দাঁড়ানো ছিল। দুর্বৃত্তরা এতে আগুন দেয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।


এরপর রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।


সর্বশেষ রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।


বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে, সে খবর পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।


ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান জানান, বাড্ডা লিংক রোডে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।


এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


এমকে/বিএম২৪