ফরিদপুরে বিএসটিআইয়ের টাস্কফোর্সের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ এএম
ফরিদপুরে বিএসটিআইয়ের টাস্কফোর্সের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা

সংগৃহীত

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি


ফরিদপুরে পণ্যের মান নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং ভোক্তা অধিকার সংরক্ষণে টাস্কফোর্সের অভিযানে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ ও পাট অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।


অভিযানে দক্ষিণ আলীপুর এলাকার চেয়ারম্যান ফ্রেশ ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের সিএম লাইসেন্স বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া গোয়ালচামট (হাজরাতলা) এলাকার মেসার্স আরিফ ইন্ডাস্ট্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে গম সংরক্ষণ, গমের মধ্যে পশুর মলের উপস্থিতি, নির্ধারিত পরিমাণের চেয়ে কম ওজন দেওয়া এবং পোকায় আক্রান্ত গম প্রক্রিয়াজাত করে আটা উৎপাদনের অভিযোগে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করা হয়।


অন্যদিকে, হাজী শরীয়ত উল্লাহ বাজারের চাউলপট্টি এলাকায় চাল প্লাস্টিকের বস্তায় সংরক্ষণ ও বিক্রির দায়ে আঃ ছাত্তার স্টোরকে ৩ হাজার, মেসার্স মোল্লা ট্রেডার্সকে ৫ হাজার এবং মেসার্স মা কালী ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।


এ ছাড়া গোয়ালচামট এলাকার ক্যাফে ফুড গার্ডেনকে যথাযথ পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ না করা এবং মোড়কবিহীন পণ্য রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানকালে মেসার্স নির্মাণ এন্টারপ্রাইজকে ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদের জন্য আবেদন করতে এক কার্যদিবস সময় দেওয়া হয়। অন্যদিকে, একই এলাকার কাচ্চি মাস্টার প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ পাওয়ায় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।


ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকোর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।


জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।


এমকে/বিএম২৪