শহীদ বুদ্ধিজীবী ডা. হুমায়ুন কবিরের ৫৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল
সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুর থানার চরভাগায় শহীদ বুদ্ধিজীবী ডা. হুমায়ুন কবিরের ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘ডা. হুমায়ুন কবির আদর্শ উচ্চ বিদ্যালয়’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাজিয়া সুলতানার সঞ্চালনায় শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবী ডা. হুমায়ুন কবিরের কর্মময় জীবন ও অবদান নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাদন মিয়া বকাউল। এ ছাড়া সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকাউল, ধর্মীয় শিক্ষক বাকী বিল্লাহ এবং সহকারী শিক্ষক রুবেল শেখ, লাবনী মরিয়ম ও সেলিনা আক্তারসহ অন্যরা বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ ডা. হুমায়ুন কবিরের দেশপ্রেম, আত্মত্যাগ এবং তাঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। সভা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ বুদ্ধিজীবী ডা. হুমায়ুন কবিরের সংক্ষিপ্ত জীবনী
ডা. হুমায়ুন কবির ১৯৪৭ সালের ২২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি চাঁদপুর জেলার মতলব হাইস্কুল থেকে ম্যাট্রিক, ঢাকার নটরডেম কলেজ থেকে আইএসসি পাস করেন। পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন।
তিনি শুধু একজন মেধাবী শিক্ষার্থীই ছিলেন না, ছিলেন শিল্পী, সমাজসেবক ও মানবপ্রেমী ব্যক্তিত্ব। গিটার বাজানো, নাটকে অভিনয়, স্কাউটিং, পাখি শিকার, মাছ ধরা এবং অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। রাজনৈতিক আদর্শে তিনি বামপন্থী ছিলেন এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করতেন।
মুক্তিযুদ্ধে অবদান ও শাহাদতবরণ
মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যাননি। বরং দেশে থেকে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সার্বিক সহায়তা করার সিদ্ধান্ত নেন। বেশিরভাগ সময় গ্রামের বাড়িতে অবস্থান করলেও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের জন্য মাঝেমধ্যে ঢাকায় যাতায়াত করতেন।
ঢাকায় অবস্থানকালে বোন শেলী আকবরের বাসায় তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, কেউ তাঁকে অনুসরণ করছে। ১৯৭১ সালের ১৫ নভেম্বর ডা. আজহারুল হককে নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স এলেও সেদিন পুরো এলাকায় কারফিউ জারি ছিল। নিরাপত্তার স্বার্থে ডা. হুমায়ুন কবির ও ডা. আজহারুল হক দুজনই ওই অ্যাম্বুলেন্সে ওঠেন। কিন্তু অ্যাম্বুলেন্সটি গন্তব্যে না গিয়ে আলবদর বাহিনীর সহযোগিতায় ঘাতকদের অন্য একটি ঠিকানায় নিয়ে যায় বলে জীবনীতে উল্লেখ করা হয়েছে।
পরদিন ১৬ নভেম্বর ঢাকার নটরডেম কলেজের কাছাকাছি ফুলের ঝোপের নিচ থেকে ডা. হুমায়ুন কবির ও ডা. আজহারুল হকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
দেশের জন্য শহীদ বুদ্ধিজীবী ডা. হুমায়ুন কবিরের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
এমকে/বিএম২৪









