শরীয়তপুরে দলিল টেম্পারিং করে জমির পরিমাণ বাড়ানোর অভিযোগে গ্রেফতার ১
সূত্রঃ সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যায় দলিলে ঘষামাজা (টেম্পারিং) করে জমির পরিমাণ বাড়িয়ে দেখানোর অভিযোগে জুলহাস উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ডামুড্যা উপজেলা ভূমি অফিসে বিবিধ মোকদ্দমার শুনানি চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুলহাস উদ্দিন উপজেলার ধানোকাঠী ইউনিয়নের সম্ভুকাটি এলাকার বাসিন্দা।
উপজেলা ভূমি অফিস ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার শুনানির সময় জুলহাস উদ্দিন একটি দলিল উপস্থাপন করেন। সেখানে ২০ শতক জমি হস্তান্তরের কথা উল্লেখ থাকলেও বিভিন্ন পাতায় পরিমাণের অংশে ঘষামাজার স্পষ্ট চিহ্ন দেখা যায়। পরবর্তীতে শরীয়তপুর সদর মহাফেজখানায় সংরক্ষিত বালাম বই যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে, ওই দলিলের মাধ্যমে প্রকৃতপক্ষে ১০ শতক জমি হস্তান্তর করা হয়েছিল। টেম্পারিং করা দলিলের ভিত্তিতে জুলহাস ইতোমধ্যে ১২ শতক জমি নিজের নামে নামজারি করিয়েছেন। পরবর্তীতে আরও ৮ শতক জমি হাতিয়ে নিতে তিনি নিজের ভাই হারুন গাছার নামে থাকা নামজারি খতিয়ান বাতিলের আবেদন করেন। সেখানে তিনি দাবি করেন, ভাই অফিসকে ভুল বুঝিয়ে জমি বেশি নামজারি করিয়েছেন এবং মূল দলিল অনুযায়ী ২০ শতক জমি তারই প্রাপ্য।কর্তৃপক্ষকে বিভ্রান্ত করে জালিয়াতির মাধ্যমে জমি দখলের চেষ্টা করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। গ্রেপ্তারের পর তাকে ডামুড্যা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পূর্ব ডামুড্যা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল হাশেম বাদী হয়ে ডামুড্যা থানায় একটি এজাহার দায়ের করেছেন এবং জাল দলিলটি আলামত হিসেবে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান বলেন, ভূমি সংক্রান্ত কোনো ধরনের প্রতারণা বা জালিয়াতি বরদাশত করা হবে না। ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের জিরো টলারেন্স নীতি ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









