শবে বরাতের মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনার পর ইমামকে ছুরিকাঘাত
ডেস্ক রিপোর্টঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লাকুড়িয়াকান্দি এলাকায় ধর্মীয় আলোচনাকে কেন্দ্র করে এক মসজিদের ইমামকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত ইমাম হলেন মাওলানা তানভীর আহসান।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে শবে বরাত উপলক্ষে মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনাকে কেন্দ্র করে মসজিদের পাশেই এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা হামলায় জড়িত ২৩ বছর বয়সী এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পরে পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী ইমাম মাওলানা তানভীর আহসান জানান, শবে বরাত উপলক্ষে তিনি মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনা করছিলেন। পাশাপাশি তিনি গায়েব সংক্রান্ত একটি বিষয় তুলে ধরে বলেন, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। নবীজি (সা.) আল্লাহ যতটুকু গায়েবের জ্ঞান দিয়েছেন, তিনি ঠিক ততটুকুই জানেন, এর বাইরে নয়। এই আলোচনা চলাকালে এক ব্যক্তি তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে মসজিদ থেকে বের হয়ে যায়।
তিনি আরও বলেন, মোনাজাত শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মুসল্লিরা স্বাভাবিকভাবে তার সঙ্গে হাত মিলাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ওই ব্যক্তি চাদরের নিচে লুকানো একটি ছুরি বের করে তার গলার দিকে আঘাত করে এবং একইসঙ্গে কানে ঘুষি মারে। আল্লাহর রহমতে তিনি বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান। তার গলায় রুমাল পেঁচানো ছিল এবং তিনি মোটা বকরমের কলারযুক্ত পাঞ্জাবি পরা থাকায় আঘাত গুরুতর হয়নি।
আঘাতের সময় তিনি কিছুটা অজ্ঞান হয়ে পড়েন বলেও জানান ইমাম তানভীর আহসান। পরে তিনি জানতে পারেন, স্থানীয় মুসল্লিরা হামলাকারীকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার পর থেকে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে তিনি চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং থানায় মামলা দায়েরের কথা জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ইমামকে ছুরিকাঘাতের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বা/মে২৪/ফা









