রোহিঙ্গাদের জন্য বরাদ্দ সাবান বিক্রি, কাপ্তাইয়ে দুই দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
রোহিঙ্গাদের জন্য বরাদ্দ সাবান বিক্রি, কাপ্তাইয়ে দুই দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা

সূত্রঃ সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি


রাঙামাটির কাপ্তাইয়ে নকল আগরবাতি বাজারজাত ও রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা ‘নট ফর সেল’ লেখা সাবান বিক্রির অভিযোগে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাইখালী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।


অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ। এ সময় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।


অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে রাইখালী বাজারের আজগর আলী স্টোরে ‘ইন্ডিয়ান গুরুদেব’ আগরবাতির আদলে তৈরি খালি প্যাকেট সংগ্রহ করে তাতে নকল আগরবাতি ভরে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় দোকানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া একই বাজারের খাজা স্টোরে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা ‘নট ফর সেল’ লেখা সাবান বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানকালে নকল আগরবাতিসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের একটি অংশ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। অপর একটি অংশ আলামত হিসেবে জব্দ করে চট্টগ্রামে নেওয়া হয়েছে।


অভিযান শেষে ব্যবসায়ীদের নকল ও অবৈধ পণ্য বিক্রি থেকে বিরত থাকার পাশাপাশি প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।


এমকে/বিডিমেইল২৪