শরীয়তপুরে ভাঙাচোরা সড়ক পরিদর্শন, নিম্নমানের কাজ না করার হুঁশিয়ারি হুইপ অপুর
সূত্রঃ বিডি মেইল
রবিউল মোল্লা, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জে ভাঙাচোরা ও জরাজীর্ণ সড়ক পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। পরিদর্শনকালে তিনি সড়ক সংস্কার ও নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।
সম্প্রতি স্থানীয় বিভিন্ন সড়কের কাদা ও খানাখন্দে ভরা দুরবস্থা সরেজমিনে দেখেন হুইপ অপু। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগের কথা শোনেন এবং সড়কগুলো দ্রুত ও টেকসইভাবে সংস্কারের আশ্বাস দেন।
পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত পথসভায় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে সরকার কাজ করছে। কোনো অবস্থাতেই সরকারি অর্থের অপচয় বা উন্নয়নের নামে নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। ঠিকাদারদের কাজের গুণগত মান নিশ্চিত করে টেকসই সড়ক নির্মাণ করতে হবে, যাতে দীর্ঘ সময় বড় ধরনের সংস্কারের প্রয়োজন না হয়।
তিনি আরও বলেন, উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হুইপের সরেজমিনে সড়ক পরিদর্শন ও দ্রুত সংস্কারের আশ্বাসে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।








