আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা নিয়ে পরামর্শ সভা

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৩:০৩ এএম
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা নিয়ে পরামর্শ সভা

সূত্রঃ সংগৃহীত

আমতলী (বরগুনা) প্রতিনিধি


বরগুনার আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সকাল ১০টায় আমতলী উপজেলার নুরজাহান ক্লাবে এ সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।


সভায় স্থানীয় জনগণ, শিক্ষক, জনপ্রতিনিধি, যুব প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তি, উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারী প্রতিনিধি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীসহ ৪০ জন অংশ নেন।


সভায় আমতলী উপজেলার জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, জীবিকার অনিশ্চয়তা, সামাজিক বৈষম্য এবং সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়।


উপকূলীয় এ উপজেলার মানুষের জীবন ও অর্থনীতিতে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততার বিস্তার এবং জলবায়ু পরিবর্তনজনিত জীবিকার ঝুঁকি নিয়মিত প্রভাব ফেলছে। বিশেষ করে নারী, যুব, প্রতিবন্ধী, প্রান্তিক জনগোষ্ঠীসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ শ্রেণির মানুষ এসব সমস্যায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।


সভায় এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজের নেতৃত্ব, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের বিষয়ে মতামত নেওয়া হয়।