রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৃহস্পতিবার বিএনপির বৈঠক

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৃহস্পতিবার বিএনপির বৈঠক

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। পরে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।


দলীয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হবেন, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবারের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।


আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি।


এ বিষয়ে বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বৈঠকের সিদ্ধান্ত পাওয়ার পর বিষয়টি জানানো হবে।


এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসে। তবে এ বিষয়ে এখনো দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।


বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।



এমকে/বিএম২৪