এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী সাইমন মারা গেছেন

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০২:১৫ এএম
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী সাইমন মারা গেছেন

সূত্রঃ ফাইল ছবি

রাজশাহী প্রতিনিধি


স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন মারা গেছেন।


বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম। তিনি বলেন, সাইমন বুধবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর অকালমৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। মরদেহ চট্টগ্রামে তাঁর নিজ বাসায় নিয়ে যাওয়া হবে।


এর আগে গত শনিবার (৮ আগস্ট) স্ট্রোক করলে সাইমনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে পরদিন রোববার সকাল সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় পাঠানো হয়।


পরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাইমন। সেখানেই বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।