ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতার কারণে রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) দিন শেষে দেশের মোট বা গ্রোস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ২৬ বিলিয়ন ডলার।
চলতি মাসের শুরুতে ২ আগস্ট মোট রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাবে ছিল ৩১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। অর্থাৎ মাসের শুরু থেকে উভয় হিসাবেই রিজার্ভ বেড়েছে।
তবে মোট রিজার্ভের পুরো অর্থ ব্যবহারযোগ্য নয়। স্বল্পমেয়াদি দায়সহ বিভিন্ন বাধ্যবাধকতা বাদ দেওয়ার পর যে রিজার্ভ থাকে, সেটিই অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রের হিসাবে, বর্তমানে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ প্রায় ২৯ বিলিয়ন ডলার।
প্রতি মাসে গড়ে ৫ বিলিয়ন ডলার আমদানি ব্যয় ধরলে এই রিজার্ভ দিয়ে সাড়ে পাঁচ মাসেরও বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সাধারণভাবে অন্তত তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভকে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়।
একসময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের চাপ তৈরি হয়েছিল। ২০২১ সালের আগস্টে রিজার্ভ ইতিহাসের সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। তখন প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৪ টাকা ২০ পয়সা। পরবর্তী সময়ে ঋণ অনিয়ম, অর্থপাচার ও রেমিট্যান্স প্রবাহে ধীরগতিসহ বিভিন্ন কারণে রিজার্ভ কমতে থাকে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় দেশের মোট রিজার্ভ নেমে দাঁড়ায় ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে। আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী, তখন রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। একই সময়ে বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা দেখা দিলে ডলারের দাম ১২০ টাকার ওপরে উঠে যায়। পরিস্থিতি সামাল দিতে আমদানিতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা হয়। পাশাপাশি প্রবাসী আয় বাড়াতে বিভিন্ন উদ্যোগ এবং আমদানির বিধিনিষেধ পর্যায়ক্রমে শিথিল করা হয়। এসব পদক্ষেপের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রিজার্ভ পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়ে।
বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের মোট রিজার্ভ ছিল প্রায় ৩৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাবে তা ছিল ৩০ বিলিয়ন ডলার।
এমকে/বিএম২৪








