কারবারি গ্রেপ্তার, ৫ মাদকসেবীর কারাদণ্ড
সূত্রঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধি
পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ২১০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মাদক স্পট থেকে আরও পাঁচ মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) পাবনা সদর উপজেলার চর সদিরাজপুর (পুরাতন পাড়া) এলাকায় অভিযান চালিয়ে মো. রব্বেল ফারাজী (৩৩) নামের এক ব্যক্তিকে তাঁর নিজ শয়নকক্ষ থেকে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে ডিএনসির সদর সার্কেল টিম। এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক সোহান বাদী হয়ে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
এদিকে পাবনা সদর উপজেলার চর সদিরাজপুর ও লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার পাকশী, রূপপুর ও আওতাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেওয়া হলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে তাঁদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
আটক পাঁচজন হলেন—পাবনা সদরের চর সদিরাজপুরের মো. শিপন (৪০), কৃষ্টপুরের মো. হাফিজুর রহমান (৩২), ঈশ্বরদীর যুক্তিতলার মো. নাজমুস শাহাদত (৪১), নাটোরের বড়াইগ্রাম উপজেলার কাচুটিয়ার মো. রাশেদুল ইসলাম (২০) এবং ঈশ্বরদীর বাঁশেরবাদার মো. শ্যামল ইসলাম (২৫)।








