অতিরিক্ত রুম মিটিংয়ের অভিযোগ, প্যানিক অ্যাটাকে হাসপাতালে ভর্তি পাবিপ্রবি শিক্ষার্থী

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
অতিরিক্ত রুম মিটিংয়ের অভিযোগ, প্যানিক অ্যাটাকে হাসপাতালে ভর্তি পাবিপ্রবি শিক্ষার্থী

ছবি: বিডি মেইল

মো. বাপ্পি হোসেন, পাবিপ্রবি প্রতিনিধি


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) মাতৃভাষা হলের এক শিক্ষার্থীকে রুমমেটদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, রুম মিটিংয়ে উচ্চস্বরে কথা বলা ও ধমক দেওয়ার পর ওই শিক্ষার্থী প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। পরে তাঁকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


অভিযোগকারী শিক্ষার্থী সাদিয়া রহমানের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১২টা থেকে ১টা পর্যন্ত মাতৃভাষা হলের ৩০৬ নম্বর কক্ষে রুম মিটিং হয়। এতে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিম্মা খাতুন, বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোকেয়া আক্তার রিয়া, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিন্নাত জাহান মুন্নি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া রহমান উপস্থিত ছিলেন।


সাদিয়ার অভিযোগ, রুম মিটিংয়ের সময় তাঁর সঙ্গে উচ্চস্বরে কথা বলা হয় এবং ধমক দেওয়া হয়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে কান্নাকাটি শুরু করেন এবং প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। রাত সাড়ে ৩টার দিকে তাঁকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই কক্ষে এর আগেও কয়েকবার রুম মিটিং এবং কঠোর নিয়ম-নীতির কারণে কয়েকজন শিক্ষার্থী রুম পরিবর্তন করতে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।


সাদিয়া রহমান বলেন, “আমি আপুদের আগের দিনের মিটিংয়ে যাইনি, এটা তাঁদের খারাপ লেগেছে। তাই হলের এক আপু ও জিন্নাত আপুকে প্রতিদিন বলছিলেন, যেন আমি সরি বলি। সরি না বলায় রুম মিটিং ডাকা হয়। মিটিংয়ের সময় আমার সঙ্গে উচ্চস্বরে কথা বলেন এবং ধমক দেন। তখন আমার খুব খারাপ লাগছিল। পরে সবাই ঘুমিয়ে পড়লেও আমি ঘুমাতে পারছিলাম না, কান্না করছিলাম। একপর্যায়ে আমার প্যানিক অ্যাটাক হয়। আমি হাসপাতালে যেতে চাইলে তাঁরা আমাকে নিয়ে যেতে রাজি হচ্ছিলেন না। কারণ, তাঁরা বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন।”


তিনি আরও বলেন, “২৪ জুন ম্যাডাম গণরুম থেকে রুমে উঠতে বলেন। আমি ২৪ জুন উঠতে চাইলে রিয়া আপু বলেন, তাঁদের পরীক্ষা আছে, তাই আমাকে পরে রুমে উঠতে হবে। পরে ৫ জুলাই রুমে উঠি। রুমে আসার পর থেকেই মিম্মা আপু ও রিয়া আপু আমার সঙ্গে খারাপ আচরণ করেন। ল্যাপটপের কিবোর্ডে টাইপ করলে শব্দ হওয়া, মশারি টাঙানো, ঘুমানো, কথা বলা—এমনকি আমার বান্ধবী রুমে এলেও তাঁরা এসব নিয়ে কথা বলতেন। আমি জুনিয়র হওয়ায় তাঁরা আমার ওপর আধিপত্য বিস্তার করতে চেয়েছেন।”


অভিযোগের বিষয়ে রোকেয়া আক্তার রিয়া বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট। সেদিন কোনো রুম মিটিং হয়নি, বরং রুমের কিছু সমস্যা নিয়ে কথা হয়েছিল। এরপর সবাই ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর সাদিয়া বাইরে গিয়ে কান্না করলে তাঁরা তাঁকে রুমে নিয়ে আসেন, মাথায় তেল দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সাদিয়া হাসপাতালে যেতে চাইলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


মিম্মা খাতুন বলেন, সাদিয়া তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন, সেগুলো মিথ্যা। তিনি সত্য কথা বলেননি। তাঁরা রুমের নিয়ম মেনেই চলেন। রুমে সিনিয়র হলেও তিনি কখনো কোনো সমস্যা করেননি।


এ বিষয়ে মাতৃভাষা হলের হল প্রভোস্ট ড. রেবেকা সুলতানা রেখা বলেন, “নির্যাতনের বিষয়টি আসলে তেমন কিছু নয়। সে অসুস্থ বোধ করায় তাকে তাৎক্ষণিকভাবে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সাদিয়া যেহেতু ওই রুমে আর থাকতে চাচ্ছে না, তাই আমরা তার রুম পরিবর্তন করে দেব। এ বিষয়ে আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি।”


এমকে/বিএম২৪