মাহেরীনের সমাধিতে জেলা প্রশাসকের শ্রদ্ধা

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম
মাহেরীনের সমাধিতে জেলা প্রশাসকের শ্রদ্ধা

সূত্রঃ ফাইল ছবি

জেলা প্রতিনিধি


ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।


সোমবার (৩ আগস্ট) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামে মাহেরীন চৌধুরীর পৈতৃক বাড়িতে তার স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম, নিহত শিক্ষিকার স্বামী মনসুর হেলালসহ পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।


মাহেরীন চৌধুরী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালাতো ভাই মরহুম মোহিতুর রহমান চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের চাচাতো বোন।


উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে মাহেরীন চৌধুরী গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাতে তিনি মারা যান। পরবর্তীতে তাকে নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ী গ্রামে তার বাবা মোহিতুর রহমান চৌধুরী ও মা সাবেরা চৌধুরীর কবরের পাশে দাফন করা হয়।


মাহেরীন চৌধুরী স্থানীয় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী কমিটির সভাপতি ছিলেন। সমাজসেবা ও জনকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে।


এমকে/বিএম২৪