কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি
অদক্ষতা, দায়িত্বে অবহেলা এবং বহিরাগতদের দিয়ে সরকারি দাপ্তরিক কাজ করানোর অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন শুরু করেন। এর ধারাবাহিকতায় সোমবার সকালে তিনি কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান।
পরিদর্শনের সময় দেখা যায়, সরকারি দাপ্তরিক কাজ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিবর্তে বহিরাগত ব্যক্তি ও দালালদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়া দায়িত্ব পালনে অবহেলা এবং সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় সেবা না দিয়ে হয়রানির প্রাথমিক প্রমাণও পাওয়া যায়। অভিযোগের সত্যতা পাওয়ার পরই সংশ্লিষ্ট চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমানকে সঙ্গে নিয়ে তিনি ভূমি অফিস পরিদর্শনে যান।
তিনি বলেন, কাশিমপুর ভূমি অফিসে গিয়ে দেখা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী কোনো কাজই পরিচালিত হচ্ছিল না। সেবাগ্রহীতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নামজারির সফটওয়্যার ও সংশ্লিষ্ট নথিপত্র দেখতে চাওয়া হলেও কর্মকর্তা-কর্মচারীরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। দাপ্তরিক কাজে চরম অবহেলা ও অনিয়মের কারণেই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, ভূমি অফিসগুলোর সেবার মান নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এমকে/বিডিমেইল২৪








