মানুষ অশান্তিতে থাকলে এর প্রভাব পাঁচ বছর পর নির্বাচনে পড়বে: ডা. জাহেদ
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
জ্বালানি সংকটের কারণে মানুষের ভোগান্তি হচ্ছে—এ কথা স্বীকার করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, এ জন্য সরকারকে দায়ী করা সঠিক নয়। তিনি বলেন, এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার পাশাপাশি একটি দুর্ঘটনাও।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘বিরোধী দলের কাজ বিরোধিতা করা। কিন্তু তারা অযৌক্তিকভাবে রাস্তায় নেমে আন্দোলনের নামে জনগণের ভোগান্তি তৈরি করছে।’
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনা জ্বালানি খাত নিয়ে যা-তা করতে পেরেছেন, এই সরকার তা পারবে না। কারণ মানুষ অশান্তিতে থাকলে এর প্রভাব পাঁচ বছর পর নির্বাচনে পড়বে। তাই একটি গণতান্ত্রিক সরকার চাইলেও জনগণের ইচ্ছার বাইরে যেতে পারে না।’
তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তবে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার দায় বর্তমান সরকারের ওপর চাপানো যুক্তিসংগত নয়।
মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সভাপতিত্ব করেন। এ সময় ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









