যশোরে গাতিপাড়া স্কুলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
সূত্রঃ ছবি: বিডিমেইল
শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীসহ উত্তীর্ণ সব শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ-ই-আলম ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি সালাহ উদ্দীন। এ সময় অভিভাবক সদস্য আব্দুস সালাম, বিদ্যালয়ের জমিদাতা রফিকুল ইসলাম, আল সেলিম রেজা, জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহেদসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে নিয়াজ মাখদুম শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি সালাহ উদ্দীন আহমেদ বলেন, সভাপতি থাকাকালে তিনি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়াশোনার খোঁজখবর নিয়েছেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। সে সময় জিপিএ-৫ পাওয়া প্রত্যেক শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনুষ্ঠানে সেই প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষার্থীদের উপহার দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি বিদ্যালয়ের দায়িত্বে থাকা অবস্থায় তাঁর কাছে থাকা সব হিসাব যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার কথাও জানান।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের আরও উৎসাহিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।









