ইবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে জোহা-মোজাহিদ
সূত্রঃ সংগৃহীত
ইবি প্রতিনিধি
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের শিক্ষার্থী মো. রবিউস সানি জোহা এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মো. মোজাহিদ হোসেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর সাধারণ সম্পাদক মো. মোজাহিদ হোসেন বলেন, তরুণ সমাজ দেশের মূল চালিকাশক্তি। বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীসহ লেখালেখিতে আগ্রহীদের সৃজনশীল ও মুক্তচিন্তার লেখক হিসেবে গড়ে তুলতে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। লেখনীর মাধ্যমে দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতি মো. রবিউস সানি জোহা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করতে চান তারা। সৃজনশীলতা, মননশীলতা, উদ্ভাবনী চিন্তা ও ইতিবাচক কর্মকাণ্ডের সমন্বয়ে ইবি শাখাকে প্রাণবন্ত ও সম্ভাবনাময় সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক পরিসর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের যাত্রা শুরু হয়। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, জাতীয় ও অনলাইন সংবাদমাধ্যমে লেখা প্রকাশে সহযোগিতা এবং লেখালেখিবিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
বর্তমানে দেশের ২২টিরও বেশি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহিত করতে কাজ করছে সংগঠনটি।









