পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান ২ ট্রাকচালককে জরিমানা
সূত্রঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ট্রাকের চালককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী তিনটি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা প্রশাসন, পাবনা ও পরিবেশ অধিদপ্তর, পাবনা-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ স্থাপনের অপরাধে দুটি ট্রাকের চালককে মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী তিনটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
জেলা প্রশাসন, পাবনার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হিমেল মিয়া অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, পাবনার পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









