ছেলেধরা সন্দেহে খুলনায় যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১২:১৫ এএম
ছেলেধরা সন্দেহে খুলনায় যুবককে পিটিয়ে হত্যা

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি



খুলনা নগরীতে ছেলেধরা সন্দেহে রাজু বিশ্বাস (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বয়রা রায়ের মহল বড় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।


নিহত রাজু বিশ্বাস ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা স্টেশন রোড এলাকার নজরুল বিশ্বাসের ছেলে।


পুলিশ জানায়, বিকেলে রাজুসহ তিনজন একটি মোটরসাইকেলে করে রায়ের মহল এলাকায় যান। একপর্যায়ে রাজু একটি শিশুকে কোলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। ছেলেধরা সন্দেহে কয়েকজন তাকে ধাওয়া করে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্থানীয়রা তাকে গণপিটুনি দেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুজন পালিয়ে যান।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা হাসপাতালে আসেন।


আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এএসআই সোহাগ বলেন, ছেলেধরা সন্দেহে এক যুবককে পিটিয়ে আহত করার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।


এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।


আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।




এমকে/বিএম২৪