আহত রনির চিকিৎসায় পাশে ছাত্রদল নেতা হৃদয়, ব্যয়ভার বহনের আশ্বাস ভিসির
সূত্রঃ সংগৃহীত
আহমেদ মুনহা ;চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনি হাসান বরাতের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। তাঁর উদ্যোগে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে রনির চিকিৎসার পুরো ব্যয়ভার বহনের আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
মঙ্গলবার (১৮ আগস্ট) ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে আহত শিক্ষার্থীর চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চান সাজ্জাদ হোসেন হৃদয়।
রনি হাসান বরাত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কাবাডি দলের সদস্য। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে তিনি গুরুতর আহত হন।
এর আগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় রোপ স্কিপিং ইভেন্টে অংশ নিয়ে রৌপ্য পদক অর্জন করেন রনি।
আহত হওয়ার পর নিজ অর্থায়নে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গত ৭ আগস্ট করা এমআরআইসহ বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকেরা জানান, তাঁর হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (ACL) ও ল্যাটেরাল ক্রুসিয়েট লিগামেন্ট (LCL) ছিঁড়ে গেছে। দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। এ অস্ত্রোপচারে প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা ব্যয় হবে, যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয় বলে জানান রনি।
এ পরিস্থিতিতে রনির চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। পরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার অনুরোধ জানান।
উপাচার্য রনির চিকিৎসার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দেন।
সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করি। রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে গিয়ে আহত হয়েছে। তাঁর চিকিৎসার ব্যয় বহন করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক দায়িত্ব। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন রনির সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহনের নিশ্চয়তা দিয়েছে।”
এমকে/বিএম২৪









